স্মৃতিচারণ
জীবনটা আসা যাওয়ার পথ, কেউ আসে কেউ চলে যান অনন্তের পথে।
যিনি চলে যান তিনি সত্যি কি চলে যান? রবীন্দ্রনাথের কথায় " নয়ন তোমারে পায়না দেখিতে, রয়েছ নয়নে নয়নে "।
হ্যাঁ তিনি রয়ে যান হৃদয়ের মাঝখানে - প্রতিদিনের প্রতি মুহূর্ত তার উপস্থিতি বুঝিয়ে দেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো তোমাদেরই সাথে, শুধু একটু খুঁজে নিতে হবে।
শোক একসময় প্রশমিত হয়, কিন্তু মানুষের স্মৃতি অম্লান হয়ে থাকে চিরকাল বুকের একান্ত নিভৃতে।
যার যখন জীবনের খেলা শেষ হয়ে যায়, সে যাত্রা করে অনন্তের পথে, শান্তির পারাবারে। যার সঙ্গে জীবনের প্রতিটা মুহূর্ত কেটেছে খেলার ছলে, আনন্দের ছলে, স্নেহ অসীম মমতার গাঢ় বন্ধনে, হঠাৎ একদিন সকালে দেখা যায় সেই খেলা থেমে গেছে, তাই রবীন্দ্রনাথের গান আবারও মনে পড়ে, " হঠাৎ খেলা শেষে আজকে দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি, তোমার চরণ পরে নয়ন করে নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত " খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানতো "।
যতক্ষণ জীবনের খেলা চলে ততক্ষণ জীবনের পরম প্রিয় মানুষটার অস্তিত্ব আমরা বুঝতে পারিনা, তাঁর উপস্থিতিটাই আমাদের অভ্যাসে পরিণত হয়, তার অনুপস্থিতি আমাদের কাছে এক বিরাট ফাঁক বেদনা বহুল বিচ্ছেদের জায়গা তৈরী করে, আবার জীবন চলতে চলতে সেই অনুপস্থিতি ও আমাদের অভ্যাসে পরিণত হয়। কিন্তু সেই প্রিয় মানুষটির অমূল্য স্মৃতি থেকে যায় হৃদয়ের গোপন অন্দরে, মাঝে মাঝে সেই অন্দর থেকে মুখ বার করে তিনি বলেন, " আমি আছি রে, আমি আছি " শুধু আমার পায়ের চিহ্নটা পড়ছেনা,তবুও আমি আছি।
No comments:
Post a Comment