অমর ২১
পারমিতা চ্যাটার্জি
২১ শে ফেব্রুয়ারী আমাদের বাঙালিদের কাছে এক অন্যতম গৌরবান্বিত দিন। বংলা ভাষাকে বাঁচাবার জন্য জাতি ধর্ম নির্বিশেষে সেদিন লড়াই করেছিল বাংলার দামাল ছাত্র সংগঠন।
লক্ষ্য ছিল একটাই মাতৃভাষা কে বাঁচিয়ে রাখার এক অদম্য প্রয়াস। মাতৃভাষা মাতৃদুগ্ধের মতন। এই ভাষায় আমরা প্রথম মা কে মা বলে ডাকি। পশ্চিম পাকিস্তানের উর্দু ভাষা যখন বলপূর্বক পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় তখনই শুরু হয় বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার লড়াই। যা ভাষা আন্দোলন বলে পরিচিতি লাভ করে।
এই লড়াই চালিয়ে যেতে বহু রক্তক্ষরণ হয়, খালি হয় বহু মায়ের কোল, কিন্তু দামাল ছেলেরা লড়াই থামায় নি। শেষ রক্তবিন্দু দিয়ে তারা জয় ছিনিয়ে এনেছিল সে জয়ের নাম অমর -২১।
সে সময় একটা বাক্য বহুল প্রচার হয়েছিল " আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী।এই দেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে আমাদের পাশের দেশ বাংলা দেশের স্বপ্ন ও ঐতিহ্য। সেদিনের ইতিহাসের পাতায় ছিলো নিরলস সংগ্রাম, আত্মত্যাগ, ও হার না মানার এক প্রবল মনোবল। যে সব যোদ্ধাদের নাম আজও লেখা আছে বঙ্গমাতার ভাষাকে মর্যাদায় ফিরিয়ে আনার তাদের নাম হলো, রাফিক,সালাম বরকত ও আবদুল জাব্বরেরা।
উর্দু ভাষাভাষী পশ্চিম পাকিস্তান বাংলা ভাষায় অধিষ্ঠিত পূর্ব পাকিস্তানের ওপর ছিলো রুষ্ট। বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে তাই নিয়ে পূর্ব পাকিস্তানের মাটিতে শুরু হয় ভাষা আন্দোলন। আন্দোলনরত ছাত্র ও সমাজকর্মীদের ওপর বর্বর পুলিশের লাঠি ও নির্মম গুলিবর্ষণ শুরু হয়। পুলিশের এই নির্মম গুলিবর্ষণে রফিক, সালাম, আবদুল জব্বার, বরকত ও শফিয়ুল সহ অনেক তরুণ শহিদ হন। তাই এই দিনটিকে শহিদ দিবসও বলা হয়।
এরপর অনেক জল বয়ে যায়। মুক্তিযোদ্ধাদের অক্লান্ত লড়াই ও আত্মত্যাগের পর বাংলাদেশ স্বাধীন হয়, যে দেশের মূল ভিত্তি ছিলো বাংলা ভাষা। শুধু মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ভাষা আন্দোলন কে কেন্দ্র করে এক নতুন দেশের জন্ম বোধহয় ইতিহাসের পাতায় এক বিরল দৃষ্টান্ত।
আজ ঐতিহাসিক ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা রূপে সমগ্র বিশ্বে পালিত হয় এও এক বিরাট গৌরবান্বিত জয়। ভাষার জন্য এমন লড়াইকে বিশ্ব জানায় কুর্নিশ প্রতি মুহূর্তে। এই দিন শুধু লড়াই নয় ভাষাকে কেন্দ্র করে বাংলাদেশের আত্মত্যাগ, নিরলস সংগ্রাম এই মহান ঐতিহ্যের ধারক ও বাহক।
কুর্নিশ জানাই রফিক, সফিউল, বরকত ও আবদুল জব্বাররের মতন অজস্র তরুণ ছাত্র ও সমাজকর্মীদের যাদের রক্তে রাঙা হয় আজও ২১ শে ফেব্রুয়ারী অমর ২১ নামে এক মহান আদর্শকে প্রতিষ্ঠিত করেছিলেন সমগ্র বিশ্বের দরবারে।
জানাই সেলাম অমর ২১।
জানাই সেলাম সেই সব অমর ভাইদের যারা মাতৃভাষাকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে এই নিরলস সংগ্রাম ও আত্মত্যাগের মধ্যে দিয়ে সফল করেছিলেন ভাষা আন্দোলন।
No comments:
Post a Comment